কিশোরগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত নং-৪ এর বিচারক মো. হামিদুল ইসলাম এ রায় প্রদান করেন। মৃত্যুদণ্ড প্রাপ্ত মো. নুরুল ইসলাম সদর উপজেলার যশোদল দামপাটুলী গ্রামের কাছুম আলীর পুত্র।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৭ মার্চ সন্ধ্যায় সদর উপজেলার দামপাটুলী গ্রামের ধানখেতের পাশের ডোবা থেকে পুলিশ এক অজ্ঞাত নারীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে। পরদিন পুলিশ বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।
পুলিশ মামলাটির তদন্তের সময় নিহত মীনা বেগমের স্বামী নূরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে স্ত্রীকে হত্যার দায় প্রাথমিকভাবে স্বীকার করেন।
পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করলে সেখানেও স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন।
পরে পুলিশ নিহতের স্বামীকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। শুনানি শেষে বিচাক এ মামলার রায় প্রদান করেন।
মামলাটিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি জীবন চন্দ্র রায় এবং আসামিপক্ষের ছিলেন রাষ্ট্র কর্তৃক নিয়োজিত এ্যড. এ.বি.এম লুৎফর রাশিদ রানা।


