ঢাকাTuesday , 29 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতাল রোড দখল করে সবজির বাজার

Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল থেকে বড় ইন্দারা মোড় পর্যন্ত সড়কটি যানবাহনের চাপে বরাবরই ব্যস্ত সময় পার করে। হাসপাতাল গেট থেকে ডিসি মার্কেট পর্যন্ত সড়কটির ৫০০ মিটারের মধ্যে ২৫০ শয্যার জেলা হাসপাতাল, বাণিজ্যিক অন্তত্ব ১০টি ব্যাংকের শাখা, সদর সার্কেল অফিস, সদর মডেল থানা, সাব রেজিস্ট্রি অফিস, পোস্ট অফিস, কয়েকটি বেসরকারি হাসপাতালসহ জনগুরুত্বপূর্ণ অফিস রয়েছে।

এ সড়ক দখল করে দেদার চলছে কাঁচাবাজার। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত সবজি, মাছ, মাংস, ফল ও মসলা জাতীয় পণ্যের পসরা সাজিয়ে বসছেন বিক্রেতারা। এসব কিনতে সেখানে ভিড় জমান ক্রেতারা। এতে করে দিনের বেশির ভাগ সময়ই সড়কটি ব্যবসায়ীদের দখলে থাকে। রাস্তায় বাজার বসায় ব্যাহত হচ্ছে যান চলাচল। যানজট যেন সেখানকার নিত্য সঙ্গী। চরম ভোগান্তি আর সীমাহীন দুর্ভোগ নিয়েই চলাচল করছে সাধারণ যাত্রীরা। কয়েক বছর আগে সম্প্রসারণ করা হলেও কার্যত লাঘব হয়নি চলাচলকারীদের ভোগান্তি। সড়কটিতে যদি চলাচল না করা যায়, তাহলে এতো টাকা খরচ করে তা সম্প্রসারণ করার কী দরকার ছিল। এমন সব প্রশ্ন ভুক্তভোগীদের।

হাসাপাতালের মতো সংবেদনশীল প্রতিষ্ঠানের যেখানে সেই রাস্তায় কাঁচাবাজার বসানোর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ।

স্থানীয়দের অভিযোগ, পৌরসভার দায়িত্ব হচ্ছে পৌর এলাকার লোকজনের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা। অথচ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা তা না করে রাস্তায় কাঁচাবাজার বসিয়ে উল্টো জনগণের চলার পথে বাধা সৃষ্টি করছে। এই বাজারের কারণে দিনের অর্ধেক সময় ওই সড়কটির দক্ষিণ অংশ ব্যবহার করতে পারে না। এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং জনসাধারণ দুর্ভোগের শিকার হচ্ছে। শুধু তা-ই নয়, কাঁচাবাজারের বিভিন্ন দোকানের বর্জ্য ও ময়লা-আবর্জনার দুর্গন্ধে সেখানে নাকে রুমাল চেপে চলতে হয়।

সরেজমিনে দেখা গেছে, সাবরেজিস্ট্রি অফিসের অপর পাশে একটি বেসরকারি হাসপাতালের সামনে ব্যস্ততম সড়কের ওপরে বসেছে মাছ, মাংস এবং সবজি বাজার। সড়কের দক্ষিণ পাশ দখল করায় ডিভাইডারের উত্তর পাশ দিয়েই চলছে যানবাহন। ফলে ওই সব এলাকায় সৃষ্টি হচ্ছে যানজট। আড়তদার, ক্রেতা-বিক্রেতা ও যানবাহন সব মিলিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত দুর্ভোগের যাতায়াত এ সড়কে। ফুটপাত পেরিয়ে সড়ক দখল করে নানা ধরনের শাকসবজির পসরা সাজিয়ে বসেন খুচরা বিক্রেতারা।

সাব-রেজিস্ট্রি অফিসের বিপোরীতে রাস্তার ওপর দাঁড়িয়ে বাজার করছিলেন আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি। তিনি বলেন, এখানে মালামাল কিনলে কেজিতে ৩-৪ টাকা সাশ্রয় হয়। আমার মতো অনেকেই এখানে খুচরা বাজার করতে আসেন। আশপাশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ব্যবসায়ী, সাধারণ মানুষ এখানে প্রতিদিন ভিড় জমান।

বাজারের ব্যবসায়ীরা বলেন, পৌরসভা দীর্ঘদিন ধরে রাস্তা ইজারা দিচ্ছে। ইজারাদারদের খাজনা দিয়ে রাস্তায় বসে ব্যবসা করতে হয়। একটু সমস্যা হলেও অনেকেই এখানে বাজার করতে আসেন। আমাদেরও বিক্রির সুযোগ হয়। তাই এখানেই ব্যবসা করি। আমাদের তো আর কোনো নির্দিষ্ট জায়গা নেই। তাই বাধ্য হয়েই এখানে দোকান দিয়ে বসি। আমাদের জায়গা করে দিলে সেখানে আমরা দোকান নিয়ে বসব।

সুশাসনের জন্য নাগরিক-সুজন চাঁপাইনবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল বলেন, পৌরসভা কাঁচাবাজারটি প্রতিবছর ইজারা দিয়ে অর্থ আয় করে। প্রশ্ন হচ্ছে অর্থ আয়ের জন্য পৌরসভা কি সাধারণ মানুষকে কষ্টের মধ্যে ফেলতে পারে? অবিলম্বে এই কাঁচাবাজার অন্য কোনো ফাঁকা জায়গায় স্থানান্তর করতে হবে। জনভোগান্তি দূর করতে একটি পরিকল্পিত বাজার গড়ে তোলা জরুরি।
এ ব্যাপারে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকেও তৎপর হতে হবে। তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ সড়কটিতে যানজটের কারনে শহরের সৌন্দর্য্য ম্লান হয়ে যায়। হাসপাতাল, সাব-রেজিস্ট্র অফিস, থানাসহ জনগুরুত্বপূর্ণ অফিসে আসা-যাওয়ায় ভোগান্তির শিকার হন মানুষ।

জানা গেছে, পৌরসভার কোন জায়গা এখানে নেই। তারপরও জনস্বার্থের বিষয়টি উপক্ষো করে প্রতিবছরই রাস্তা ইজারা দিচ্ছে পৌরসভা। একারণে জনদুর্ভোগ কমছে না। চলতি সনেও এ বাজারটি ইজারা দেয়া হয়েছে। ফলে ইজারাদার রাস্তা দখল করে কাঁচাবাজার বসান।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন কাঁচাবাজার স্থানান্তরের দাবি উঠলেও কর্ণপাত করেনি পৌর কর্তৃপক্ষ। ফলে রাস্তার ওপর বাজার বসানোর কারণে একদিকে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে, অন্যদিকে যানজটের কারণে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ।

যা বললেন পৌর কর্তৃপক্ষ:
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শহর পরিকল্পনাবিদ ইমরান হোসাইন জানান, এ পৌরসভার একটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হয়েছে। মাস্টারপ্ল্যান বাস্তাবায়নের কাজ চলমান। তহাবাজার নামে এই কাঁচাবাজারটিও স্থানান্তরের বিষয়টি পরিকল্পনায় আছে। পাশে পৌরসভার কিছু জায়গা আছে, প্রয়োজনে অধিগ্রহণ করে কাঁচাবাজার স্থানান্তর করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক দেবেন্দ্র নাথ উঁরাও বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে উন্নত ও আধুনিক হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। সে অনুযায়ী কাজ চলমান। তহাবাজার একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এ বিষয়টি আমরা অবগত। আমরা নজর রাখছি। এ পৌরসভাকে পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে ড্রোন সার্ভে করা হয়েছে। মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্যদিয়ে শুধু তহাবাজার নয়, পৌরসভার সবগুলো বাজারে শৃঙ্খলা ফিরবে।

 

নিউজটি শেয়ার করুন