নির্মাণশৈলীতে সমৃদ্ধ নোয়াখালী জেলা জামে মসজিদটি ১৯৫০ সালে পুনঃনির্মাণ করা হলেও এটি প্রায় ২০০ বছরের পুরাতন স্মৃতির সাক্ষ্য বহন করে চলেছে। মুসলিম স্থাপত্যশৈলীতে নির্মিত এই মসজিদটি স্থানীয়দের কাছে মাইজদী বড় মসজিদ নামেই বেশি পরিচিত।
নোয়াখালী জেলার ইতিহাস পাঠে জানা গেছে, ১৮৪১ সালে পুরাতন নোয়াখালী শহরের বাসিন্দা ইমাম উদ্দিন সওদাগর নিজের জমিতে একটি জামে মসজিদ নির্মাণ করেন। মূল নোয়াখালী শহর মেঘনা নদীগর্ভে বিলীন হয়ে যাবার সময় সেই মসজিদটিও নদীগর্ভে চিরতরে হারিয়ে যায়। পরবর্তীতে নোয়াখালী জেলার মূল শহর মাইজদীতে স্থানান্তর করার সময় ১৯৫০ সালে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিগত আর্থিক সহায়তায় নোয়াখালী জেলা জামে মসজিদ পুনঃনির্মাণ করা হয়।
মসজিদ প্রাঙ্গণের বিশালতা ও বাহ্যিক সৌন্দর্যের কারণে যে কারোই দৃষ্টি কাড়ে এই মসজিদ। মূল রাস্তা থেকে মসজিদের মেইন গেট দিয়ে ঢুকেই চোখে পড়ে মসজিদ প্রাঙ্গণের বিশালতা। মসজিদ লাগোয়ো বিশাল একটি দিঘি মসজিদের সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। মসজিদের ভেতর প্রবেশ করতেই শরীরে অনুভূত হয় অন্যরকম প্রশান্তি। মসজিদের চারপাশ, দেয়াল এবং ছাদ সবটাই নান্দনিক সৌন্দর্যে নির্মিত। চারপাশে যেমন আছে মুসলিম স্থাপত্য শৈলীর নিদর্শন, তেমনি আছে দেশীয় লোকজ ঐতিহ্য।


