আগামী ১৪ মার্চের মধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদেও বেতন (বকেয়া বেতনসহ) ও উৎসব ভাতা পরিশোধের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে ডিইউজের সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এ আহ্বান জানান। এছাড়া পরিবার-পরিজনের সাথে ঈদ উদযাপন আনন্দময় করতে এবারের ঈদের ছুটি ছয় দিন নির্ধারণেরও দাবি জানান নেতৃবৃন্দ।
বিবৃতিতে তারা বলেন, ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক-কর্মচারীদের বেতন-ভাতা ও উৎসব ভাতা অবশ্যই পরিশোধ করতে হবে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ঈদের মতো আনন্দদায়ক একটি উৎসব উদযাপন করতে মালিকপক্ষ নিজ নিজ প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিক ও কর্মচারীদের ন্যায্য পাওনা পরিশোধ করবেন। বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, কয়েকটি সংবাদমাধ্যমে কর্মরতদের বছরের পর বছর উৎসব ভাতা দেয়া হয় না। যা অত্যন্ত অযৌক্তিক ও অমানবিক।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন বেতন বকেয়া রাখা সাংবাদিক-শ্রমিক শোষণের নামান্তর। তাই যেসব সংবাদপত্র, টিভি চ্যানেল এবং অনলাইন সংবাদ মাধ্যমে বকেয়া বেতন রয়েছে, অবিলম্বে তা পরিশোধ করতে হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ এসব বিষয় পর্যালোচনা পূর্বক দায়ীদের বিরুদ্ধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।


