বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন। রোববার সকালে ইউনিয়নের নির্বাহী পরিষদের সভায় এ দাবি জানান ইউনিয়ন সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেনসহ কমিটির সদস্যরা। সভায় আগামী সপ্তাহে এ বিষয়ে একটি মানববন্ধন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সাথে, উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির কারণে ডিইউজের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান জনাব মহসীন আল আব্বাসের সুপারিশ পর্যালোচনা করে সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটির মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত গৃহীত হয় ।
সভায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের দীর্ঘদিনের ঝুলে থাকা ৯০ জনের সদস্যপদ চূড়ান্ত করা হয়। এছাড়া, সংগঠনের আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সদস্যপদ বাতিলের তালিকা তৈরী, অন্যপেশায় সক্রিয়দের তালিকা এবং মালিক ও সম্পাদকদের তালিকা তৈরি করতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মিঠুকে আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক সোহেলী চৌধুরী ও গোলাম মুজতবা ধ্রুবকে সদস্য সচিব করে ৭ জনের একটি উপ-কমিটি গঠন করা হয়। এই উপ-কমিটিকে পরবর্তী ইসি মিটিংয়ে এই তালিকা উপস্থাপনের অনুরোধ করা হয়েছে।
সভায় সারাদেশের অর্ধশত সাংবাদিক গ্রেফতার, ১৩ সাংবাদিককে হত্যা, চাকরিচ্যুত প্রায় ১২০০ সাংবাদিক, ১৬৮ পেশাদার সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল, জাতীয় প্রেস ক্লাবসহ সাত শতাধিক সাংবাদিকের প্রেস ক্লাবের সদস্য পদ বাতিল/স্থগিত, অর্ধশতাধিক সাংবাদিকের দেশত্যাগে বেআইনি নিষেধাজ্ঞা, অর্ধশত সাংবাদিকের ব্যাংক হিসাব বেআইনিভাবে বন্ধ রাখা হয়েছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন সভাপতি সাজ্জাদ আলম খান তপু, সাধারণ সম্পাদক আকতার হোসেন, যুগ্ম সম্পাদক শাহজাহান মিঞা, কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব, আইন সম্পাদক আসাদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুন শেখ, কল্যাণ সম্পাদক শাহজাহান স্বপন, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চেীধুরী , নির্বাহী সদস্য সাজেদা হক ও রারজানা সুলতানা। টেলিফোনে যুক্ত হন সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মিঠু।


