ঢাকায় কর্মরত বরিশাল বিভাগের সাংবাদিকদের সংগঠন ‘বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশন (বিডিজেএ) ঢাকা’র ফ্যামিলি ডে ও নৌবিহার অনুষ্ঠিত। এতে বিডিজেএ’র সদস্যদের সঙ্গে তাদের বাবা-মা, স্ত্রী ও সন্তানরা অংশ নেন। ফলে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত নৌবিহারে তিন প্রজন্মের সম্মিলন ঘটে। উপস্থিত ছিলেন ঢাকার বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দেয়া সিনিয়র সাংবাদিকরাও।
ফ্যামিলি ডে ও নৌবিহার আনন্দ আয়োজন গত শনিবার সকাল থেকে রাত অবধি বিলাসবহুল এডভেঞ্চার-১ লঞ্চে অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় সদরঘাট থেকে যাত্রা শুরু করে দুপুরে চাঁদপুরের মোহনপুর পর্যটন কেন্দ্রে নোঙর করে লঞ্চটি। সেখানে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরে বেড়ান। পরে নানা অনুষ্ঠানের মধ্যে দুপুর গড়িয়ে সন্ধ্যা নামতে ঢাকায় এসে শেষ হয় নৌবিহার। সবশেষ আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি তারিকুল ইসলাম মাসুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব সৈকতের সঞ্চালনায় পুরো আয়োজনে সদস্য, তাদের স্ত্রী ও সন্তানদের জন্য একাধিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। পরে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত রিমঝিম গ্রুপের কর্মকর্তা ও অন্যান্য অতিথিরা।

এসময় সদস্যদের পুরস্কৃত করার পাশাপাশি অতিথি হিসেবে সকল বাবা-মায়ের হাতেও পুরষ্কার তুলে দেয়া হয়। সন্তানদের এমন ব্যতিক্রমী আয়োজনে অংশ নিয়ে সদস্যদের বাবা-মায়েরাও বেশ খুশি হন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, সময়, সুযোগ এবং বাস্তবতার কারণে অনেক সময় নিজেরা আনন্দ করলেও বাবা-মাকে অনেক সময় আয়োজনে নিয়ে আসা হয় না। সেখানে বিডিজেএ বাবা-মাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো ব্যতিক্রমী উদাহরণ হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে নৌবিহার আয়োজক কমিটির আহ্বায়ক এম এম বাদশাহ ও সানবীর রূপল সবার প্রতি কৃতজ্ঞতা জানান।


