প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।
সোমবার (৩ এপ্রিল) দুপুরে গণভবনে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। এ সময় প্রেসক্লাবের শীর্ষ দুই নেতা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে গণমাধ্যমের সার্বিক পরিস্থিতি ও প্রেসক্লাবের উন্নয়ন নিয়ে কথা বলেন।
সাক্ষাতকালে জাতীয় প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রীর সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেন। এছাড়া গণমাধ্যমের বিভিন্ন সংকট তুলে ধরে তা সমাধানে প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রী গণমাধ্যমের নানা সংকট নিরসনের আশ্বাস দেন। তিনি গণমাধ্যমের বিকাশে বর্তমান সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গণমাধ্যমকে আরো দায়িত্বশীল ভূমিকা রাখার কথাও বলেন প্রধানমন্ত্রী।

এসময় ভোরের কাগজ সম্পাদক ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্যামল দত্ত তার নিজের লেখা ‘বিষধর সাপ তার বিষদাঁত’, ‘মুক্ত গণমাধ্যমের ভবিষ্যৎ ভাবনা’ ও ‘জীবন ও স্মৃতি’- এই তিনটি বই প্রধানমন্ত্রীর করকমলে অর্পণ করেন।


