ঢাকাSunday , 9 April 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে অর্ধশতাধিক দোকান সরিয়ে নেয়ার নির্দেশ

Link Copied!

পাবনার ঈশ্বরদী রেলওয়ে সুপার মার্কেট উচ্ছেদের নোটিশ দেয়ার পর এবার অর্ধশতাধিক দোকানে লাল ক্রস চিহ্ন দিয়ে দোকান সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে পাকশী রেলওয়ে ভূমি সম্পদ কার্যালয়।

রবিবার (৯ এপ্রিল) দুপুর ১টার দিকে পাকশী রেলওয়ে বিভাগীয় ম্যানেজার শাহ সূফি নূরমোহাম্মদ ও ভূ-সম্পদ কর্মকর্তা মো. নুরুজ্জামানের নেতৃত্বে বিভাগীয় কর্মকর্তা, প্রকৌশলী ও নিরাপত্তা বাহিনীর প্রায় ৩০ সদস্যের একটি দল রেলওয়ে মার্কেটে এসে দোকানদারদের ঈদের পর দোকান সরিয়ে নেয়ার নির্দেশ দেন। একই সঙ্গে এসব দোকানে লাল রঙের ক্রস চিহৃ দিয়ে উচ্ছেদের জন্য চিহ্নিত করেন।

 

রেলওয়ে সুপার মার্কেটের ব্যবসায়ী আবুল কালাম আজাদ জানান, রেলের কাছে থেকে লিজ নিয়ে এখানে দোকান নির্মাণ করে আমরা ৫০ বছর ধরে এখানে ব্যবসা করে আসছি। এ মার্কেটের ব্যবসায়ীরা সবাই ক্ষুদ্র ব্যবসায়ী। এ মার্কেটটি গরীবের মার্কেটে হিসেবে পরিচিত। এখানে কম দামে পোষাক বিক্রি হয়। এ মার্কেটের ব্যবসায়ীদের ঈদের আগে হঠাৎ করে উচ্ছেদের নোটিশ দেয়া হয়েছে। মানবিক কারণে রেল কর্তৃপক্ষ ঈদের পর এটি উচ্ছেদ করবে বলে আজ এসে জানিয়ে গেল এবং দোকানে লাল ক্রস চিহৃ দিয়ে গেছে। আমরা এতগুলো ব্যবসায়ী এখন কোথায় যাবো। আমাদের এখান থেকে তুলে দেয়ার কারণে রেলের কাছে আমরা পূর্নবাসনের দাবি জানাচ্ছি।

ব্যবসায়ী আকরাম রায়হান বাবু বলেন, এখানকার ক্ষুদ্র ব্যবসায়ীদের যাওয়ার কোন জায়গা নেই। এ শহরে রেলের বহু জায়গা পতিত পড়ে আছে। রেল কর্তৃপক্ষ মানবিক দিক বিবেচনা করে এসকল ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনবার্সন করতে পারে।

রেলওয়ে ভূ-সম্পদ কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, এতদিন রেলের এ জায়গার প্রয়োজন ছিল না। এখন ভারত থেকে আসা ওয়াগন দ্রুত আনলোড করার জন্য এ জায়গাটি প্রয়োজন। তাই নিয়মানুযায়ী দোকানদারদের নোটিশ দেয়া হয়েছে। ঈদের পর দোকান সরিয়ে নিতে বলা হয়েছে।

রেলওয়ে পাকশী বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) শাহ সূফি নূর মোহাম্মদ বলেন, ভারতীয় মালবাহী ট্রেনের ওয়াগন ঈশ্বরদী মালগুদাম সেডে লোড-আনলোড হয়। এখানে জায়গা সংকুলান না হওয়ায় আরো বেশি জায়গা প্রয়োজন। এজন্য এ মার্কেট উচ্ছেদের জন্য নোটিশ দিয়েছি। ঈদের সামনে মানবিক কারণে এ মার্কেট এখন উচ্ছেদ করা হলো না। ঈদের পর দোকান সরিয়ে নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন