ঢাকাMonday , 24 April 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গণতন্ত্রের চর্চা আছে বলেই উন্নয়ন অব্যাহত রয়েছে: তথ্যমন্ত্রী

Link Copied!

দেশে গণতন্ত্রের চর্চা আছে বলেই উন্নয়নের ধারাও অব্যাহত আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘ শেখ হাসিনার নেতৃত্বে দেশে অব্যাহত গণতন্ত্রের কারণেই একজন সফল রাষ্ট্রপতির সম্মানজনক বিদায় ও নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ সম্ভব হয়েছে।’

সোমবার ঈদের ছুটি শেষে নিজ দপ্তরের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, ‘আজকে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ সাহাবুদ্দিন শপথ গ্রহণ করেছেন এবং একইসঙ্গে ২১তম রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বিদায় নিয়েছেন। দেশের ইতিহাসে এই প্রথম একজন রাষ্ট্রপতি ১০ বছর সম্মানের সঙ্গে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করার পর বিদায় নিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশে গণতন্ত্রের চর্চা অব্যাহত আছে বিধায় এটি সম্ভবপর হয়েছে।’

আওয়ামী লীগ সরকারের আমলে গণতন্ত্রের বিজয় হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘গণতন্ত্রকে নসাৎ করার জন্য গত সোয়া ১৪ বছরে বহু ষড়যন্ত্র হয়েছে, নির্বাচন ভন্ডুল করার অপচেষ্টা হয়েছে। নির্বাচন ভন্ডুল করে গণতন্ত্রের চর্চাকে ব্যাহত করা, বিশেষ ধরনের সরকার আনার অনেক অপচেষ্টা হয়েছে, এখনো অব্যাহত আছে। কিন্তু আমাদের দেশের ইতিহাসে একজন রাষ্ট্রপতি ১০ বছর অত্যন্ত সম্মানের সঙ্গে দায়িত্ব পালনের পর বর্ণাঢ্যভাবে তাকে বিদায় জানাতে পেরেছি। আমি মনে করি এতে গণতন্ত্রেরই বিজয় হয়েছে এবং শেখ হাসিনার কারণেই সম্ভবপর হয়েছে।’

নতুন রাষ্ট্রপতির দায়িত্ব পালনে আশা প্রকাশ করে হাছান মাহমুদ বলেন, ‘মো. সাহাবুদ্দিন একজন বিজ্ঞ, বিচক্ষণ মানুষ। তিনি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব ইতিপূর্বে পালন করেছেন। তিনি জেলা জজ, দুর্নীতি দমন কমিশনার, বঙ্গবন্ধু হত্যা মামলার কো-অর্ডিনেটর হিসেবে কাজ করেছেন। সবক্ষেত্রে তিনি তার যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। একইসঙ্গে তিনি মুক্তিযোদ্ধা এবং ’৭৫ এর পরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মর্মান্তিক ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে কারাবরণ করেছেন। পদ্মা সেতু থেকে যখন বিশ্বব্যাংক মুখ ফিরিয়ে নিলো তখন দেশের পক্ষে অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যিনি রাষ্ট্রপতি হিসেবে আজকে শপথ গ্রহণ করেছেন, তিনি অত্যন্ত যোগ্যতার সঙ্গে বিচক্ষণতার সঙ্গে জনবান্ধব রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।’

জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রপতির ভূমিকার বিষয়ে মন্ত্রী বলেন, ‘নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের অধীনে। সেখানে সরকারের ভূমিকা গৌণ। সরকার শুধু ফ্যাসিলেটেটরের ভূমিকা পালন করে। এমন কি তফসিল ঘোষণার পর নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত সরকারি দপ্তর এবং তাদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত হয়। নির্বাচন কমিশন ইতিমধ্যে সফলভাবে বেশ কয়েকটি নির্বাচন অনুষ্ঠান করেছে এবং সামনে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনগুলো নিয়ে কোনো প্রশ্ন আসে নাই। গাইবান্ধার নির্বাচন নির্বাচন কমিশন নিজেই বাতিল করেছিলো, সেই বাতিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন আছে। কিন্তু এরপরও নির্বাচন কমিশনই বাতিল করেছিলো। অর্থাৎ তারা অত্যন্ত দক্ষতা এবং দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে।’

নিউজটি শেয়ার করুন