মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়ের সূর্যনগর এলাকায় ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে নারী ও শিশুসহ ৪ জন নিহত হয়েছেন।এছাড়া নরসিংদী, চাঁপাইনবাবগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহে দুজন করে এবং জয়পুরহাট, গাইবান্ধা ও টাঙ্গাইলে একজন করে মোট ১৪ জন প্রাণ হারিছেন। আজ বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। আমাদের ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়ের সূর্যনগর এলাকায় ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে নারী ও শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আজ (২২ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঢাকা থেকে হানিফ পরিবহণের একটি বাস বরগুনা যাচ্ছিল। বাসটি শিবচরের সূর্যনগর নামক স্থানে এলে সামনে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। যাত্রীবাহী বাসের ধাক্কায় সামনে চলমান পুরাতন বই বহন করা ট্রাকটি হাইওয়ে থেকে সার্ভিস লেনে পড়ে যায়।
এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জন মারা যান। পরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ১ জন ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলা হাসপাতালে নেওয়ার পথে আরও ১ জনের মৃত্যু হয়।
এদিকে শিবচরের পাচ্চর এলাকার রয়েল হাসপাতালে আহত ৫ জনকে নেওয়া হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
নরসিংদী: মা মারা গেছেন। সেই সংবাদে ইতালি প্রবাসী ছেলে ছুটে এলেন দেশে। কিন্তু বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় নিজেই হলেন লাশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ঘাসিরদিয়া খালপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া এলাকার শাজাহান মেম্বারের ইতালি প্রবাসী ছেলে শাহ আলম (৬২), একই এলাকার শামসুদ্দিন মিয়ার ছেলে ও নিহতের ছোট বোনের জামাই সেলিম মিয়া (৪৫)।
এদিকে, জেলার মনোহরদীতে কাভার্ডভ্যান চাপায় সোহাগ মিয়া (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ উপজেলার মনোহরদী বাসস্ট্যান্ড গরু বাজার সংলগ্ন ঢাকা-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ একই উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দী গ্রামের অহিদ উদ্দিনের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বালু বোঝাই ট্রাক্টর উল্টে দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার নাটঘর ইউনিয়নের নবীনগর-রাধিকা সড়কের বড়হিত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার আখাউড়া উপজেলার রুটি গ্রামের মো. শাহজাহানের ছেলে মো. এনামুল (২৬) ও নবীনগর উপজেলার ব্রাহ্মণহাতা গ্রামের বজলু মিয়ার ছেলে আমির হোসেন (১৪)।
ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জ পৌরসভার সড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী মাহেন্দ্রয় ধাক্কা দেয় তেলবাহী একটি ট্রাক। এ ঘটনায় আ. ছাত্তার (৬০) ও রবিন মিয়া (২০) নামে দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রহমতগঞ্জ এলাকায় ঘটনা ঘটে। নিহত আ. ছাত্তারের বাড়ি গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গঙ্গাশ্রম গ্রামে। রবিন মিয়া ঈশ্বরগঞ্জ পৌর শহরের চরনিখলা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ:চাঁপাইনবাবগঞ্জে মোটরসেইকেলের ধাক্কায় ইয়াসিন আলী নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ৭২ বছর বয়সী ইয়াসিন আলী তেররশিয়া গ্রামের মৃত আব্দুল বাসেদ আলীর ছেলে।
জয়পুরহাট:জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক রেশমা খাতুন (৩৭) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেশমা খাতুন জয়পুরহাট শহরের আদর্শ পাড়া মহল্লার বাসিন্দা।
গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে স্বদেশ চন্দ্র (২৩) নামে এক গ্রাফিক ডিজাইনার নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় রংপুর ডক্টরস ক্লিনিকে চিকিৎসাধীন মারা যান সে। স্বদেশ উপজেলার মহদীপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সুদেব চন্দ্র-তপতী রাণী দম্পতির ছেলে।
টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় হাফেজ আবু রায়হান নামে এক দাখিল পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন স্কুল শিক্ষক বাবা হাবিবুর রহমান। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের (পুরাতন সড়ক) পুষ্টকামুরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


