রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ হয়েছে। একাধিক সংগঠন বিভিন্ন ব্যানারে আজ মঙ্গলবার বিকেলে বঙ্গভবনের সামনে অবস্থান নেন।
বঙ্গভবনের সামনের সড়কে বিক্ষোভকারীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে সড়কের পাশের রাস্তা বন্ধ করে দিয়েছেন তাঁরা। বিক্ষোভকারীরা রাষ্ট্রপতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।বিক্ষোভকারীরা কয়েকটি ব্যানারে বঙ্গভবনের সামনে অবস্থান নিয়ে আলাদা আলাদাভাবে বিক্ষোভ করছেন।
‘ইনকিলাব মঞ্চ; ‘রক্তিম জুলাই-২৪’ ‘৩৬ জুলাই পরিষদ’ ‘জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ’ ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র–জনতার মঞ্চ’ প্রভৃতি ব্যানারে অনেককে বিক্ষোভ করতে দেখা গেছে বঙ্গভবনের সামনে। দুপুর ২টার দিকে তারা বঙ্গভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। রাষ্ট্রপতি পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।
এ সময় বঙ্গভবনসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিপুল সংখ্যক পুলিশ, সেনাবাহিনীর এপিসি ও জলকামান মোতায়েন করা হয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং দেশত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দেশত্যাগের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি।
সম্প্রতি মানজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমানের সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি জানিয়েছেন, তিনি শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে এ সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই।
রাষ্ট্রপতি বলেছেন, ‘(পদত্যাগপত্র সংগ্রহ করার) বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি। তিনি হয়তো সময় পাননি।’ রাষ্ট্রপতির এ মন্তব্যের পর থেকে তার পদত্যাগের দাবি উঠেছে।


