রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। তারা কার্যালয়ে ভাঙচুর চালায়। এসময় বিক্ষুব্ধ জনতা স্লোগান দিতে থাকেন-‘গোপালগঞ্জের গোলাপি আর কতকাল জ্বালাবি’। তবে এ আগুনের ঘটনার খবর পায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
জানা গেছে, আগুন তেমন বড় নয়, কিছু ব্যানার ও ময়লার মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে।
এসময় বিক্ষুব্ধ জনতা স্লোগান দিতে থাকেন-‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘গোপালগঞ্জের গোলাপি আর কতকাল জ্বালাবি’, ‘যুবলীগের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’।
আজ বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি চলছে। এ কর্মসূচি ঘিরে আতঙ্কিত না হওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এদিকে, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ১৭ নভেম্বর (সোমবার) তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এদিন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল রায়ের এ তারিখ ঠিক করেন।
আলোচিত এ মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন রয়েছে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি ও আনসার-ভিডিপির সদস্যরা।


