:: সৈয়দা রিমি কবিতা ::
কোন এক মিছিলে দেখেছিলাম তোমার নিস্তব্ধ নয়নের নির্বাক কথোপকথন,
এখনো চোখ মুঁদলে দৃশ্যত হয় সে-ই দৃষ্টি মায়া!
চোখের ভাষায় এতো মায়া থাকে -এ -আমার এক অজানা অধ্যায়,
এক গাল হাসিতে মিছিলের লোকারণ্যতায় তোমার তৃষিত নয়ন হয়তো খুঁজে ফিরছিলো আমায়!
দৃষ্টির অনবদ্য খেলাতে এমনটা ই মনে হচ্ছিলো আমার।
তোমার আশে পাশে এতো মানুষের ভিড় অথচ,
কোনো এক একাকিত্ব তাড়া করে ফিরছে তোমায়।
হৃদয়ের আলিঙ্গনের উষ্ণতায় তুমি জড়াতে চাও,
বাঁচতে চাও একাকীত্বের অভিশাপ থেকে।
অভিমানী মনের দায়বদ্ধতার পিছুটান তোমাকে এগোতে দেয়না মোটেই,
পুঁড়ে যাওয়া মানুষ ছাই দেখলেও পাশ কেটে যায় তেমনই আর কি!
হৃদয় পুড়েছে যার সে-ই জানে দহনের বিদগ্ধতা কতটা ভয়ংকর – অসহায়!
ভয় নেই,
তোমার শ্লোগানের মিছিলে কন্ঠ মেলাবো-
এটুকু আশ্বাস দিতে পারি নিশ্চিত!
আঁধারের গভীরতায় জোনাকি হয়ে পথ দেখাবো,
ধুসর ভোরে শিশির ভেজা ঘাসে হাঁটবো
খালি পায়ে এক সাথে।
অমানিশার তীব্র কষ্টের রাত্রি পাড়ি দিয়ে –
সোনালী ঝলমলে রোদ্দুরে,
হাতে হাত রেখে,
কৃষ্ণচূড়ার রাঙানো পথে ছায়া সঙ্গী হবো –
কথা দিলাম!!!


