:: হাসান মাহবুব ::
আমার হাত ছেড়ে দিয়েছো তুমি,
আমি ডুবে যাচ্ছি অতল গহব্বরে!
চারদিক স্তব্ধ গুমোট অন্ধকার,
দেয়ালের তামাটে শৈবালগুলো
এবং ধোয়াটে রংহীন পাথরগুলো
আমাকে জড়িয়ে রাখতে চাইছে;
আমি জড়াতে চাই না তথাপিও!
পথ চেয়ে কেউ আর নাইবা থাকুক,
খবরাদি কেউ আর নাইবা রাখুক,
সাঁঝের কৃশ প্রদীপটাও নিভে থাক;
আমি অন্ধকারেই বাসা বেঁধে রবো!
ক্রমাগত আলোক রশ্মির তেজস্বী
আমাকে ভস্মিভূত করে দিয়েছে,
তাই এটাই আমার একান্ত নিবাস!
ঘূর্ণেয়মান জগৎ গ্রহের কক্ষচ্যুতি
কতখানি লোমহর্ষক কেইবা জানে?
আমি জেনেছি এর সমগ্র রূপখানি!
অশ্রান্ত আগুনের লেলিহান শিখা
ক্রমেই কিভাবে বিদ্বেষী হয়ে ওঠে!
নিশ্চিহ্ন করে দেয় জাগ্রত কক্ষপথ
আর পোষ্যকৃত প্রেমিকের রম্যকে!


