তোমার স্পর্শেই পৃথিবীর দামি সুগন্ধির সৃষ্টি
তুমি যখন আমার সম্মুখ দিয়ে হেঁটে যাও
তোমার তাবৎ নিঃসৃত গন্ধগুলো তাই বলে!
বাগানের ফুলরাশি এবং উন্মুখ হয়ে থাকা সূর্য
নদীর বুক হতে চুইয়ে আসা শীতল বাতাস
আজ তোমাকেই ভালবাসে এবং আমিও!
অনেকটা পথ পেরিয়েই তোমাকে পেয়েছি
চৈত্রের অযাচিত তাপদাহে ভীষন ক্লান্ত ছিলাম
শুষ্ক পথ চৌচির মাঠগুলো আমার দোসর ছিল
সফেদ অশ্রুতেই অঙ্কিত হতো বেদনা কাবিন!
তুমি বর্ষা হয়ে এসে ভরিয়ে দিলে সবুজ অরণ্যে
যেখানে আকাশ বজ্রনিনাদে রাগান্বিত হতো
সেখানে আকাশ আজ মুখরিত অসীম বর্ষণে!
তোমাকে লব্ধের নিরিখেই হয়তো আমার সৃষ্টি
নয়তো এত পথ ঘুরে কেনই তোমার সান্নিধ্য
তোমার স্পর্শেই আমার শব্দগুচ্ছ সরব হয়েছে
চেয়ে দেখো বর্ণ ব্যঞ্জনা তোমাতেই উদগ্রীব!
সহস্র শৃংখল ভেঙে আমি তোমাকে পেয়েছি
আগলে রাখতে চাই অন্তত হাজারটা বছর
কারণ তুমিই আমার কষ্টার্জিত ফসলের মাঠ!


