:: মো. জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি ::
আবারও উত্তেজনা দেখা দিয়েছে মিয়ানমার-তুমব্রু ও বাইশফাঁড়ি সীমান্তে। গতকাল দেশটির যুদ্ধবিমান থেকে সীমান্তের পাহাড়ে দিকে গোলা ছুড়েছে। এতে ফের বাংলাদেশের অভ্যন্তরে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
গতকাল শুক্রবার রাত পৌনে ১১টায় এ গোলা বষর্ণ করে মিয়ানমার সামরিক বাহিনী। স্থানীয় লোকজনের দাবি রাত নামলেই শুরু হয় মিয়ানমার বাহিনীর তাণ্ডব। রাতের ঘুম হারাম করে বর্মী বাহিনীর বিচরণ ও যুদ্ধ বিমানের গোলা এবং মর্টার শেলের বিকট শব্দে।
তুমব্রু বাজারের ব্যবসায়ী মো. হোসন ও আবদুল কাদের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রতিদিন নতুন নতুন পরিস্থিতি সৃষ্টি করে মিয়ানমার বাংলাদেশ সীমান্ত আতংক সৃষ্টি করছে।
তারই ধারাবাহিকতায় শুক্রবার গভীর রাতে রাখাইন প্রদেশের মংডু জেলার উত্তরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পিলার ৩৭, ৩৮, ৩৯ এলাকায় মিয়ানমার বিমান বাহিনীর দুটি যুদ্ধ বিমান হতে ভারী অস্ত্রের গোলা বর্ষণ করে সে দেশে। এর একটি বিমান মিয়ানমার থেকে এসে তুমব্রু পয়েন্টের জিরো লাইনের সোজা উপর দিয়ে মিয়ানমারে ফিরে যায়। আর মর্টারশেলের গোলা বর্ষণ করে। যাতে করে তুমব্রু বাজার, কোনার পাড়া, মধ্যম পাড়া ও উত্তর পাড়ার বসতিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশাপাশি স্থানীয় লোকজনের দাবি তারা রাতের আধারে সামরিক ড্রোনও ব্যবহার করছে।
তবে এ ঘটনায় মিয়ানমারের ভেতরে হতাহত হয়ছে কিনা কোন সঠিক তথ্য জানা যায়নি।
এছাড়া নাম প্রকাশ না করার শর্তে টহলরত এক মাঠ পর্যায়ের বিজিবির কর্মকর্তা জানান- আজ শনিবার সকাল ৭টার দিকে মিয়ানমার সামরিক বাহিনীর যুদ্ধ বিমান ৪০/৪১ সীমান্ত পিলার এলাকায় টহল দেয় এবং গোলা নিক্ষেপ করে।
তুমব্রু বাজার সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি রুপলা ধর জানান- মিয়ানমার সীমান্ত ঘেষা তুমব্রুতে আমাদের বসবাস। তিনি বলেন- ওপারের ক্যাম্প থেকে শনিবার সকাল ১০টায় সে দেশের অভ্যন্তরে একটি মর্টার শেল নিক্ষেপ করে।
এ বিষয়ে বিজিবির বক্তব্য নেওয়ার চেষ্টা করলেও ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, যুদ্ধ বিমান জিরো পয়েন্ট দিয়ে রাতের বেলা কয়েকটি গোলা নিক্ষেপ করে মিয়ানমারের অভ্যন্তরে। তবে এতে বাংলাদেশের কোন ধরনের ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি খবর পাননি।
অপরদিকে শনিবার সকাল ১০টার দিকে ঘুমধুমের ৪০ ও ৪১ সীমান্ত পিলারের মাঝখান দিয়ে একটি বিস্ফোরণের আওয়াজ ভেসে এসেছে বলে সত্রে জানা গেছে।


