ঝালকাঠিতে ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ, সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন।
ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সভাপতি আক্কাস সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএফইউজে’র কোষাধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আবু বক্কর, নির্বাহী সদস্য আবু হানিফ, শাহিন হাসনাত, সাবেক সহসভাপতি রাশিদুল ইসলাম, ঝালকাঠি জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারী মো. ফরিদুল হক ও প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান। এছাড়াও আলোচনায় অংশ নেন স্থানীয় দৈনিক দূরযাত্রার সম্পাদক জিয়াউল হাসান পলাশ, নলছিটি প্রেসক্লাবের সভাপতি মো. এনায়েত করিম, ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক কে এম সবুজ ও দৈনিক গাউছিয়া পত্রিকার প্রকাশক অলোক সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল। অনুষ্ঠানে জেলায় কর্মরত সাংবাদিক ও বিশিষ্টজনরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন বলেন, বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের পতন হয়েছে। তবে এখনো তারা নানাভাবে, বিভিন্ন রূপে ফিরে আসার চেষ্টা করছে। এই দেশে বসে না পেরে এখন তারা পার্শ্ববর্তী দেশের সহযোগিতা নিয়ে আমাদের দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। সুতরাং এদের থেকে সাবধানে থাকতে হবে। এই ফ্যাসিবাদকে আর কোন সুযোগ দেওয়া হবে না।


