ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নেতৃত্ব, নিয়োগ ও ক্ষমতার বিকেন্দ্রীকরণের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেছেন।
আজ বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচি পালন করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মারের নেতৃত্বে শিক্ষার্থীরা রেললাইনে অবস্থান নেন এবং ‘ঢাকা না রংপুর, রংপুর, রংপুর’, ‘ঢাকা না কুমিল্লা, কুমিল্লা, কুমিল্লা’, ‘ঢাবি না রাবি, রাবি, রাবি’— এমন নানা স্লোগান দেন। আন্দোলনকারীদের দাবি, ইউজিসি থেকে শুরু করে উপদেষ্টা নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য রয়েছে। তারা সারাদেশে সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান এবং সকল ক্ষেত্রে বিকেন্দ্রীকরণ চান।
পরে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ প্রত্যাহার করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার (৬ মার্চ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাই জনভোগান্তি বিবেচনা করে অন্তবর্তীকালীন সরকারের কাছে তিনদফা দাবি জানিয়ে তারা এই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন। গতকাল বুধবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী মেহেদী সজীব তিনদফা দাবি তুলে ধরে এই অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন। শিক্ষার্থীদের
দাবিগুলো হলো:
১. নিয়োগে বিকেন্দ্রীকরণ ও সমান সুযোগ নিশ্চিত করা: ইউজিসি, সরকারি নিয়োগ পরীক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে শুধু ঢাবির প্রভাব কমিয়ে সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
২. পিএসসি ও ইউজিসির পুনর্গঠন: পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এবং ইউজিসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একক আধিপত্য বন্ধ করে সকল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
৩. ঢাকা কেন্দ্রিকতা কমিয়ে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ: সরকারি ও প্রশাসনিক কার্যক্রম শুধুমাত্র ঢাকাকেন্দ্রিক না রেখে অন্যান্য বিভাগীয় শহর ও বিশ্ববিদ্যালয়গুলোতে সমানভাবে ছড়িয়ে দিতে হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সালাউদ্দিন আম্মার বলেন, ‘আমরা এই বৈষম্য মেনে নেব না। পিএসসি থেকে শুরু করে ইউজিসি পর্যন্ত সব প্রতিষ্ঠানের পুনর্গঠন চাই।’ রেল বিভাগ জানিয়েছে, দুপুর ২টার আগে রাজশাহী থেকে কোনো ট্রেন ছেড়ে যাওয়া বা প্রবেশ করার শিডিউল নেই। তবে এর আগেই অবরোধ শেষ হওয়ায় ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি। এর আগে, মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাতে একই দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।


