‘বি’ (ব্যবসায় শিক্ষা) ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।
আজ শনিবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এই পরীক্ষা দেশের পাঁচটি বিভাগীয় শহরের আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়।’ বি’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭৬ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।
‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকেরা সকাল ১০টার কিছু আগে থেকেই নির্ধারিত কেন্দ্রের সামনে আসতে শুরু করেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে পরীক্ষার্থীরা সারিবদ্ধ হয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন। পরীক্ষার হলে কোনো ধরনের ক্যালকুলেটর, মোবাইল ফোন, ব্লুটুথ ও মেমোরিযুক্ত অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিতে দেওয়া হয়নি।
প্রথম দিন ‘বি’ ইউনিটে মোট পরীক্ষার্থী ছিল ৪২ হাজার ৪৪৩ জন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৩৫ হাজার ১৪৫ জন। উপস্থিতির হার ৮২ দশমিক ৮২ শতাংশ। পরীক্ষা চলাকালে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে উপস্থিত গণমাধ্যমকর্মীদের পরীক্ষা সম্পর্কে অবহিত করেন।
এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহাম্মদ ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মতিয়ার রহমান, ‘বি’ ইউনিটের সমন্বয়কারী ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর শরিফুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর হাসনাত কবীর, প্রক্টর প্রফেসর মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শনিবার বিভিন্ন কেন্দ্রে ‘বি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষায় ৪২ হাজার ৪৩৩ ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী অংশ নিয়েছেন। চলতি শিক্ষাবর্ষে ‘বি’ ইউনিটে আসন রয়েছে ৫৫৯। এই হিসাবে বি ইউনিটে প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭৬ জন। ‘বি’ ইউনিটে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ছয়টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট আছে। এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টার একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি চারটি ভুলের জন্য ১ নম্বর কাটা যাবে।
প্রথমবারের মতো এবারই দেশের পাঁচটি বিভাগীয় শহরের আঞ্চলিক কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তিনটি ইউনিটে ৪ হাজার ৩২৩টি আসনের বিপরীতে মোট ২ লাখ ৩৭ হাজার ৪১৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। এ হিসাবে প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫৫ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং রংপুর অঞ্চলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


