ঢাকাWednesday , 23 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ, বিপাকে খেটে খাওয়া মানুষ

Link Copied!

টানা কয়েক দিনের তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে মানিকগঞ্জের জনজীবন। প্রচণ্ড রোদ আর গরমে সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালকসহ নিম্ন আয়ের মানুষদের জীবন যেন থমকে গেছে। কাজ না করলে পেটে ভাত জুটবে না-এই বাস্তবতায় গরমের তীব্রতা উপেক্ষা করে কাজ করতে বাধ্য হচ্ছেন অনেকেই।

আজ বুধবার সকালে মানিকগঞ্জ পৌর শহরের থানা রোড, কলেজ গেট, হাসপাতাল রোড, বাসস্টেশন ও বেউথা মোড় এলাকায় ঘুরে দেখা গেছে, গরমে হাঁসফাঁস করছেন রিকশাচালক ও সাধারণ মানুষ। কেউ গাছের নিচে রিকশা রেখে বসে আছেন, কেউ আবার দোকানে আশ্রয় নিয়েছেন।

থানা রোডের খালপাড় এলাকায় রিকশাচালক সামাদ বলেন, ‘কয়েক দিন ধরে রোদের তাপ অসহনীয় হয়ে উঠেছে। রিকশা চালানো যায় না। আর গরমে মানুষও ঘর থেকে কম বের হয়, তাই আয় কমে গেছে।’

একই কথা জানান রিকশাচালক সুনিল। তাঁরা বলেন, ‘সকালে কিছু সময় রিকশা চালানো যায়, এরপর আর বের হতে পারি না। আগে দিনে ৭০০ থেকে ৮০০ টাকা আয় হতো, এখন ৩০০-৪০০ টাকাও কষ্ট করে উঠছে।’

দিনমজুর রাজু পেশায় পণ্য পরিবহন করেন। তিনি বলেন, ‘আমাদের কাজেই কষ্ট বেশি। এখন রোদের জন্য কষ্ট আরও বেড়েছে।’

তীব্র তাপদাহে শুধু খেটে খাওয়া মানুষই নন, সাধারণ মানুষও অসুস্থ হয়ে পড়ছেন। বাজার ও দোকানপাটে ক্রেতাদের উপস্থিতি কমে গেছে। শহরের ব্যস্ত এলাকাগুলো অনেকটাই ফাঁকা দেখা গেছে। মানিকগঞ্জ আবহাওয়া অফিস জানিয়েছে, গত কয়েক দিনে জেলার তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। গরমের এই পরিস্থিতি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে তারা।

নিউজটি শেয়ার করুন