রাজধানীর কদমতলীর শ্যামপুর শিল্পাঞ্চল এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৬৫ বছর।
আজ শনিবার ভোর পৌনে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কদমতলীর শ্যামপুর শিল্পাঞ্চলের মূল সড়কের পাশে ওই বৃদ্ধকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই বৃদ্ধ আর বেঁচে নেই।
এসআই আরও জানান, ঘটনাস্থলের আশপাশের লোকজনকে জিজ্ঞেস করে আমরা জানতে পারি, ভোরের দিকে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন ওই বৃদ্ধ। হাসপাতালে নেওয়ার পরেই মারা যান তিনি। আমরা ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারিনি। তবে প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।


