ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বলাকা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার ভোররাতের দিকে তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাসটিতে আগুন জ্বলতে দেখে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এর আগেই বাসের সিট, গ্লাসসহ ভেতরের বড় অংশ পুড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত না হলেও বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।
বাসচালক বাবুল জানান, রাতে বাসটি রাজেন্দ্রপুর স্ট্যান্ডে পার্ক করে তিনি বাসায় চলে যান। বাসের সামনের অংশে তার কন্টাক্টর শাওন ঘুমাচ্ছিলেন।
আগুনের তাপে ঘুম ভেঙে গেলে তিনি জানালা ভেঙে লাফ দিয়ে বের হন। এতে তার হাত-পা কেটে যায়।
বাস মালিক হুমায়ুন কবির বলেন, ‘নতুন গাড়িটা পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।’
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বলেন, ‘সড়কের পাশে রাখা বাসটিতে ভোরে আগুন লাগার ঘটনা ঘটে। কে বা কাহারা বাসে আগুন দিয়েছ তদন্ত করে দেখা হচ্ছে।’


