ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে।
আগামীকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের কুট্টাপাড়া খেলার মাঠে তাঁর বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। দীর্ঘদিন পর এ জেলায় বিএনপির দলীয় প্রধানের উপস্থিতিতে জনসভা হচ্ছে। বিএনপির নেতারা বলছেন, এই জনসভা ঘিরে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, দলের প্রধান হওয়ার পর তারেক রহমানের ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রথম জনসভা। এ জন্য বিশাল মঞ্চ প্রস্তুত করা হচ্ছে এবং প্রায় দুই একরের খেলার মাঠটি সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের বিএনপির প্রার্থী খালেদ হোসেন মাহবুব (শ্যামল), জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ’সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা একাধিকবার কুট্টাপাড়া খেলার মাঠ পরিদর্শন করেছেন।
তারেক রাহমানের স্টেজ ও মাঠের প্রস্তুতি দেখতে পাশের বিজয়নগর উপজেলা থেকে আসা সাইনুর রহমান হৃদয় ও শাহীন আলম বলেন, মনে হচ্ছে আমরা একটা আনন্দ-উৎসবের মধ্যে আছি। ভালোই লাগছে।
আজ বুধবার দুপৃরে সরেজমিনে দেখা গেছে, জনসভার স্থলে মঞ্চ থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণভাবে সম্পন্ন করা হয়েছে। চারদিকে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে মাঠের আশপাশের ভবন ও গাছপালা।
জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, বিএনপির চেয়ারম্যানের এটি এ জেলায় প্রথম জনসভা। এর আগে তিনি দলের যুগ্ম মহাসচিব থাকাকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে পথসভা করেছেন। জনসভায় তিনি জেলার ছয়টি নির্বাচনী এলাকার বিএনপি ও জোটের প্রার্থীকে পরিচয় করিয়ে দেবার কথা রয়েছে। এ ছাড়া জেলার শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন। তিনি বলেন, আজ বুধবার সকাল থেকেই কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক অধ্যাপক সেলিম ভূইয়া সারাক্ষণ নেতাকর্মীদের নিয়ে মাঠ পর্যায়ে পরিদর্শন করছেন।


