বর্তমান ক্ষমতাসীন-বিএনপি সরকার জনগণের মৌলিক অধিকার নিশ্চিত না করে বিভিন্ন নামে ‘কার্ডের খেলা’ শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।
আজ শনিবার সকালে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শ্রমিকদের কর্মঘণ্টা ও ন্যায্য মজুরি নিশ্চিত করা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোসহ শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এ সমাবেশের আয়োজন করে।
তিনি বলেন, দেশের সাধারণ মানুষ, শ্রমিক ও জনতার মৌলিক যেসব চাহিদা অধিকার রয়েছে, তা বিগত কোনো সরকার পূরণ করতে পারেনি। বর্তমান ক্ষমতাসীন সরকার জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোকে পাশ কাটিয়ে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এলপিজি গ্যাস কার্ডসহ বিভিন্ন কার্ডের নামে মৌলিক অধিকারকে আড়াল করার চেষ্টা করছে। ২১০ টাকার কৃষক কার্ড দিয়ে কৃষকের ভাগ্য পরিবর্তন হবে না।
প্রধান অতিথি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, সরকার বিভিন্ন সহায়তা কার্ডের কথা বলে শ্রমিকদের যৌক্তিক দাবিকে উপেক্ষা করে দায়সারা কর্মসূচি বাস্তবায়ন করছে। শ্রমিকরা কোনো দয়া পেতে চায় না, তাদের অধিকার নিশ্চিত করা হোক। শ্রমিকরা মর্যাদা নিয়ে বেঁচে থাকতে চায়। আমরা চাই, শ্রমিক পরিবারের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রেখে তাদের রেশনিং ব্যবস্থা করা চালু করা হোক। শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা এবং কর্মহীন শ্রমিকদের অর্থ সহায়তা দেওয়া হোক। সেই সাথে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে ফ্যামিলি কার্ড দিয়ে কোনো কাজ হবে না।
তিনি আরও বলেন, চব্বিশে গণঅভ্যুত্থান হয়েছে বৈষম্যমুক্ত জাতি গঠনের জন্য। অথচ দেশের প্রতিটি সেক্টরে বৈষম্য রয়ে গেছে। সরকারি চাকরিতে প্রথম গ্রেডের সাথে দশম গ্রেডের আকাশ-পাতাল পার্থক্য। আমরা জেনেছি অন্তর্বর্তীকালীন সরকার নবম পে-স্কেল বাস্তবায়নের জন্য যে বাজেট রেখে গিয়েছিল, সেটি বর্তমান সরকার ফ্যামিলি কার্ডে খরচ করছে। আমরা শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে চাই।
আতিকুর রহমান বলেন, বিগত ৫৫ বছরে শ্রমিকদের কল্যাণে ও ন্যায্যতা নিশ্চিতকরণে ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ করা হয়নি। সাংবাদিকদেরও ওয়েজ বোর্ড নেই, নিয়মিত বেতন ভাতা নেই। নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার বঞ্চিত রেখে কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। এসময় সরকারকে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
ফেডারেশনের রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক গোলাম রব্বানীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর মহানগর জামায়াতে ইসলামির আমির উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান, ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মো. জিয়াউল হক, বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল হাসেম বাদলসহ অন্যরা।


