ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাত থেকে মানুষকে রক্ষা করতে পিরোজপুরের স্বরূপকাঠির সবগুলো সাইক্লোন শেল্টার এবং বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠানের দ্বিতল ভবন আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।
এর আগে রোববার রাতে স্বরূপকাঠি উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করে সব জনপ্রতিনিধিদের প্রস্তুত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়।
আজ সোমবার সকাল থেকে স্বরূপকাঠির উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভার মেয়র, সহকারী কমিশনার, ওসি এবং পিআইও টিম করে উপজেলার বিভিন্ন এলাকার সাইক্লোন শেল্টার ও আশ্রয় কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন।
এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে সবাইকে সতর্ক করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে শুকনো খাবার।
এদিকে রোববার ভোর থেকে লাগাতার ভাবে শুরু হওয়া গুঁড়িগুঁড়ি বৃষ্টি মুষলধারে রূপ নিয়েছে। ক্রমান্বয়ে তা বেড়ে চলেছে। বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। দুর্বল হয়ে পড়েছে মোবাইলের নেটওয়ার্কও।


