নভোএয়ার রাজশাহী থেকে কক্সবাজার রুটে আগামী ১৭ নভেম্বর থেকে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে। তবে শুরুতে নভোএয়ার ভ্রমণে বিশেষ অফার ঘোষণা করা হয়েছে। উদ্বোধনের পর ভ্রমণ পিপাসুদের জন্য কক্সবাজারে তিন রাত চার দিনের হোটেল ফ্রি অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
নভোএয়ারের রাজশাহীর সেলস ইনচার্জ মানিক কৃষ্ণ চক্রবর্তী জানান, সরাসরি ফ্লাইট রাজশাহী থেকে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ছেড়ে কক্সবাজারে দুপুর ১২টায় পৌছাবে। কক্সবাজার থেকে প্রতি সপ্তাহে রোববার বিকাল ৩টা ৩৫ মিনিটে ছেড়ে রাজশাহীতে বিকাল ৫টা ৫ মিনিটে পৌছাবে। এই রুটে ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া ৫,৯০০ নির্ধারণ করা হয়েছে।
তিনি আরো জানান, ভ্রমণ পিপাসুদের জন্য কক্সবাজারে তিন রাত চার দিনের হোটেল ফ্রি অফার ঘোষণা করেছে নভোএয়ার। অফারটি উপভোগ করতে দুইজনের রাজশাহী থেকে কক্সবাজারের রিটার্ন টিকেট কিনতে হবে। হোটেলগুলোর মধ্যে রয়েছে হোটেল দি কক্সটুডে, সিগাল হোটেল, লংবিচ হোটেল, নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট, উইন্ডিট্যারেস হোটেল, গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং হোটেল সী প্যালেস।
এরআগে, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে রাজশাহী থেকে কক্সবাজার রুটে এ ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়। গত ২৬ অক্টোবর নগর ভবনে নভোএয়ারের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও রাজশাহী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে রাসিক মেয়রের বৈঠক শেষে রাজশাহী-কক্সবাজার রুটে নভোএয়ারের ফ্লাইট চালুর সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়।


