তৈরি পোশাক শিল্পের বিশেষায়িত শিক্ষার জন্য চট্টগ্রামে চালু হচ্ছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। মার্চের প্রথম দিকে চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি নামে শুরু হবে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম।
জানা যায়, প্রাথমিকভাবে এতে চারটি বিভাগে ভর্তি করানো হবে ৩৫ জন করে ১৪০ শিক্ষার্থী। এ ছাড়া আরও একটি অনুষদের অধীন বিশ্ববিদ্যালয়টিতে দুটি বিভাগ চালুর কার্যক্রম প্রক্রিয়াধীন রেখেছে সংশ্লিষ্টরা। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ জানুয়ারি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও মন্ত্রণালয়ের উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ বিশিষ্টজনরা আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়টি।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী।
তিনি জানান, ‘দেশের গতানুগতিক শিক্ষাব্যবস্থা উল্লেখযোগ্য হারে বেকার তরুণ তৈরি করছে। সেখানে থেকে বেরিয়ে কারিগরি শিক্ষা বিস্তারে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা রয়েছে। এ নির্দেশনা বাস্তবায়নে বিজিএমইএ গুরুত্বের সঙ্গে কাজ করছে। এর অংশ হিসেবে আধুনিক ফ্যাশন টেকনোলজিতে প্রশিক্ষিত তরুণ তৈরি করতে চট্টগ্রামে বিশেষায়িত বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৩ সালে সিবিআইএফটি প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠানটি থেকে এরই মধ্যে ৫ শতাধিক ছাত্র-ছাত্রী স্নাতক ডিগ্রি অর্জন করে তৈরি পোশাক শিল্প ব্যবস্থাপনায় অংশগ্রহণ করেছেন। পরবর্তী সময়ে এটিকে বিশ্ববিদ্যালয়ে রূপ দিতে উদ্যোগ নেয়া হয়। ২০২০ সালে এটির অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হয়। পরবর্তী সময়ে শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে ২০২২ সালের ২৪ অক্টোবর ভবন স্থাপনের অনুমতি পায় সিবিইউএফটি।


