প্রকৌশল সংস্থাসমূহের শীর্ষ পদে প্রকৌশলী পদায়নের দাবি জানিয়েছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), চট্টগ্রামের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন।
রবিবার (৭ মে) আইইবি, চট্টগ্রাম কার্যালয়ে সংগঠনটির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি।
৬ দফা দাবি তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন বলেন, পলিটেকনিক্যাল শিক্ষকদের বর্তমান চাকরি কাঠামো পরিবর্তন করতে হবে। প্রকৌশল ভিত্তিক ক্যাডার (ইঞ্জিনিয়ারিং ক্যাডার) ব্যবস্থা প্রবর্তন করতে হবে। বেসরকারি প্রকৌশলীদের জন্য চাকরি বিধি প্রণয়ন করতে হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিপ্তরকে ক্যাডারভুক্ত করতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে প্রকৌশল বিভাগ সৃষ্টি করতে হবে।
এর আগে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র্যালির মাধ্যমে ইঞ্জিনিয়ার্স ডে’র উদ্বোধন করা হয়। চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন জাতীয় পতাকা এবং কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী এস.এম. শহিদুল আলম আইইবির পতাকা উত্তোলন করেন। এসময় কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক ও ভাইস-চেয়ারম্যান (এডমিন প্রফেশ, এন্ড এসডব্লিউ) প্রকৌশলী দেওয়ান সামিনা বানু, নব নির্বাচিত চেয়ারম্যান প্রকৌশলী এম. এ. রশীদ, নব নির্বাচিত ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ) অধ্যাপক ড. প্রকৌশলী রশীদ আহমেদ চৌধুরী ও নব নির্বাচিত সম্মানী সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান, প্রাক্তণ চেয়ারম্যান প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী ও প্রাক্তণ ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী উদয় শেখর দত্তসহ দুইশোরও বেশি প্রকৌশলী উপস্থিত ছিলেন।


