:: প্রতিনিধি, পিরোজপুর ::
পিরোজপুরে আসন্ন দুর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভায় জেলায় ৫৭৮ মন্দিরে এবার দুর্গা পূজা উদযাপিত হবে বলে জানান পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সর্বিক) মুনিরা পারভীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, এনএসআই যুগ্ম পরিচালক মোহা. আবদুল কাদের, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুখরঞ্জন বেপারী প্রমুখ। এছাড়াও সভায় বক্তব্য রাখেন জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন দফতর প্রধান, ব্যবসায়ী নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি-সম্পাদকবৃন্দ।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, আসন্ন দুর্গা পূজা উদযাপন উপলক্ষে মণ্ডপে আগত ভক্তদের আহার্য বাবদ মণ্ডপ প্রতি ৫০০ কেজি হারে সর্বমোট ২৮৯ মেট্রিক টন ত্রাণ (চাল) বরাদ্দ দিয়েছে সরকার। যা জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সময়ে পৌঁছে দিবে উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ।
এছাড়া পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান জানিয়েছেন, সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে তাদের এ আসন্ন দুর্গোৎসব উদযাপন করতে পারবে। এ লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং সর্বত্র তীক্ষè দৃষ্টি রাখা হচ্ছে।


