সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে জিহাদ (১৫) স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।
আজ শুক্রবার দুপুরের দিকে যমুনা নদীর ক্রসবার-৩ এলাকায় বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করেছে। জিহাদ পৌর শহরের হোসেনপুর বাগানবাড়ি মহল্লার জুয়েলের একমাত্র ছেলে এবং সবুজ কানন স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর আতাউর রহমান রনি জানান, বন্ধুদের সাথে ফুটবল খেলা শেষে গোসলে নেমেছিল জিহাদ। গোসলের এক পর্যায়ে নদীর স্রোতে নিখোঁজ হয় সে।
খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করি। পরবর্তীতে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। সন্ধ্যা সোয়া ৫টা পর্যন্তও তার সন্ধান পাওয়া যায়নি।


